ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাত্র ১৫০ টাকা ট্রাক্টর ভাড়ার বিরোধকে কেন্দ্র করে কাঠের আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন। টানা পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোড়ভাঙ্গা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা বাজারের একটি চপ-পেঁয়াজুর দোকানে জমি চাষের ট্রাক্টর ভাড়ার বকেয়া ১৫০ টাকা নিয়ে কৃষক আব্দুস সালামের সঙ্গে একই গ্রামের ট্রাক্টরচালক আরিফের (৩৫) কথা-কাটাকাটি হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ দোকান থেকে কাঠের একটি চলা (খড়ি) নিয়ে সালামের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁদের আরও অভিযোগ, এরপর সালামকে বুকে ও পিঠে লাথি মারা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে অভিযুক্ত আরিফ ঘটনাস্থল থেকে চলে যান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত আব্দুস সালাম মালিথা মোড়ভাঙ্গা গ্রামের আব্দুর রহমান মালিথার ছেলে। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
মাত্র ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে সালামের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ও পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।
