মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

আপলোড তারিখঃ 2026-10-16 ইং
মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত ছবির ক্যাপশন:

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র‌্যালি ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক ও টিআই আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।


জেলা প্রশাসন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভা সঞ্চালনা করেন মেহেরপুর সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তৌফিকুল ইসলাম। ‘বৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবুর রহমান এবং বাউট বাধাগ্রস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক।


‎    ‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, সাদাছড়ি কেবল একটি লাঠি নয়, এটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রতীক। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাঁদের কল্যাণে সরকারসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁদের প্রতি করুণা নয়, বরং সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে হবে। এ জন্য শুধু দিবসটির অপেক্ষায় থাকলে চলবে না; সারা বছরই তাঁদের পাশে দাঁড়াতে হবে।
‎    আলোচনা সভা শেষে ছয়জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র‌্যালিটি বাদ্যযন্ত্রের তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


র‌্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল এবং জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)