ছবির ক্যাপশন:
দলীয় সিদ্ধান্ত না মেনে নিজেকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করায় জীবননগরের আহাদ মেম্বারকে সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জামায়াত। আহাদ আলী উপজেলার উথলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের উথলী ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
গতকাল সোমবার জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সাজেদুর রহমান ও উথলী ইউনিয়ন শাখার আমির মো. আরিফুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। আহাদ আলীকে সব ধরনের পদ থেকে বহিষ্কারের পাশাপাশি আরও জানানো হয়, এখন থেকে জামায়াতে ইসলামীর সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং নেতা-কর্মীদের তার সাথে দলীয় আলোচনা না করার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য যে, উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাওলানা মহিউদ্দিনকে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এবং আহাদ আলীকে ৯ নম্বর ওয়ার্ডের দলীয় মেম্বারপ্রার্থী হিসেবে চূড়ান্ত করেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আহাদ আলী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা করে আসছিলেন।
