চুয়াডাঙ্গায় ১৪ দরিদ্র নারী পেলেন ২৮টি ছাগল

আপলোড তারিখঃ 2026-10-13 ইং
চুয়াডাঙ্গায় ১৪ দরিদ্র নারী পেলেন ২৮টি ছাগল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাঁড়ি গ্রামে ১৪ দরিদ্র নারীকে বিনা মূল্যে ২৮টি ছাগল দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপকারভোগী পরিবারগুলোর জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে ১৪টি মাচা ঘর।


গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গ্রামটিতে আয়োজিত কমিউনিটি মিটিং ও ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আসাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক এবং রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শিখন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম।


প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন চুয়াডাঙ্গাসহ সারা দেশে প্রান্তিক দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে। এ জন্য তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও রিসোকে ধন্যবাদ জানান।


তিনি আরও বলেন, মাচা ঘরে ছাগল পালনের মাধ্যমে প্রান্তিক দরিদ্র নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এ উদ্যোগ নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করবে। পাশাপাশি উপকারভোগীদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


উপকারভোগী নারীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সচেতন হতে হবে এবং সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। উপকারভোগী নারীদের পক্ষে বক্তব্য দেন মোছা. সাহেদা খাতুন।


অনুষ্ঠান শেষে অতিথিরা ১৪ জন উপকারভোগীর হাতে দুটি করে মোট ২৮টি মা ছাগল তুলে দেন। পরে তাঁরা উপকারভোগীদের জন্য নির্মিত মাচা ঘর পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসোর সমন্বয়কারী দারুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার সাধন কুমার কর। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, নারী-পুরুষ, উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)