ছবির ক্যাপশন:
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন।
সভায় প্রারম্ভিক বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতির যে সুন্দর ঐতিহ্য রয়েছে, তা রক্ষা করা আমাদের সবার নাগরিক ও নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে জেলা বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে বলেও জানান তিনি। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বিএনপির নেতা-কর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয় তুলে ধরেন। মেহেরপুর পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী বিকাশ কুমার সাহা ও সদস্যসচিব ড. শুকদেব কুমার পাল বলেন, মেহেরপুর অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি উৎসবে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ অঞ্চলের ঐতিহ্য। বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ ও সহযোগিতা পূজা উদ্যাপনে বাড়তি অনুপ্রেরণা ও নিরাপত্তার আশ্বাস জোগাবে।
এছাড়া শ্রী সঞ্জিত পাল বাপ্পি, মদন কুমার বিশ্বাস, বিমল বিশ্বাস, অলক কুমার দাস ও মিনা পালসহ পূজা উদ্যাপন কমিটির অন্যান্য সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাবেদ মাসুদ মিল্টন বলেন, বাংলাদেশ সাম্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। মেহেরপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, সবার উৎসব। পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসাহ-উদ্দীপনা ও নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে জন্য জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
