বিস্ফোরক ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গার পৃথক স্থানে থানা পুলিশের অভিযান পরিচালনা

আপলোড তারিখঃ 2026-10-12 ইং
বিস্ফোরক ও মাদক মামলার ৫ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিস্ফোরক আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জেহালা গ্রামের মিনহাজ উদ্দিন (৫৯) ও কেশবপুর গ্রামের আহাদ আলী (৫৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক মুকুট আলী (৩৩) ও সুজন আলী (৩৯)। এছাড়া মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি নওদা বন্ডবিল গ্রামের শাহিন (৩৩)।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়। শনিবার রাত ১১টার দিকে জেহালা গ্রাম থেকে মিনহাজ উদ্দিন এবং রাত সাড়ে ১১টার দিকে কেশবপুর গ্রাম থেকে আহাদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা গত ৩ মে আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি।


মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩০ এপ্রিল খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস ও তাঁর লোকজনের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের আটকে রেখে নির্যাতন, তাঁদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ ওঠে।


অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গত শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে ছয়টি ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মুকুট আলীকে আটক করা হয়। একই রাতে রাত ১০টা ২৫ মিনিটে পৌরসভার আল ইকরা স্কুলের সামনে থেকে একটি ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ সুজন আলীকে গ্রেপ্তার করা হয়।


এছাড়া রাত ১১টা ১৫ মিনিটে নওদা বন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শাহিনকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)