চুয়াডাঙ্গায় রোগীবাহী ভ্যান আটকে মারধরের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

শরীফুজ্জামান শরীফের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

আপলোড তারিখঃ 2026-10-11 ইং
চুয়াডাঙ্গায় রোগীবাহী ভ্যান আটকে মারধরের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বাস ও ইজিবাইক মালিক-চালকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে আবারও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শহর থেকে রোগী নিয়ে আলুকদিয়ার দিকে যাওয়ার পথে একটি অটোভ্যান, পরিবহন শ্রমিকদের চেকপোস্টে আটকে দেওয়ার পর মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতে আসা রোগীর স্বজনদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এর প্রতিবাদে আলুকদিয়া এলাকায় বাস চলাচল আটকে দেন বিক্ষুব্ধ লোকজন। এতে চুয়াডাঙ্গা শহর থেকে আলুকদিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা শহর থেকে একজন রোগীকে নিয়ে একটি অটোভ্যান আলুকদিয়ার দিকে যাচ্ছিল। বাসস্ট্যান্ড পার হওয়ার পর পরিবহন শ্রমিকদের চেকপোস্টে ভ্যানটি আটকে দেওয়া হয়। এ সময় ভ্যানচালক ও সংশ্লিষ্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে রোগীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানালে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন আলুকদিয়া এলাকায় বাস চলাচল আটকে দিয়ে প্রতিবাদ জানান। ফলে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। চুয়াডাঙ্গা শহর থেকে আলুকদিয়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে যানজট ছড়িয়ে পড়ে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষ, যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বাস ও ইজিবাইক মালিক-চালকদের সঙ্গে কথা বলেন এবং বিরোধের সমাধানের আশ্বাস দেন। তাঁর হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


সড়কে পরিবহন চলাচল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সাধারণ মানুষকে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য বিষয়টির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)