ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত মাহবুব আলম (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাঁকে আটক করা হয়। আটক মাহবুব আলম কুষ্টিয়া সদর থানার যুগিয়া দরগাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আনসার শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর থানায় ২০২৫ সালের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় মাহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলাটির এফআইআর নম্বর ১২ এবং জিআর নম্বর ৩১৪। মামলায় তাঁর বিরুদ্ধে মারামারি, বেআইনি জমায়েত, বাধা প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এ মামলার কারণে তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন মিয়া জানান, পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় মাহবুব আলমের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
