ছবির ক্যাপশন:
মেহেরপুরের একটি ফিলিং স্টেশন থেকে ট্রাকের হেলপারের হাত-পা বেঁধে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে পালানোর পথে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের তালসারী এলাকার একটি কাঁচা রাস্তায় ট্রাকটি খাদে আটকে যায়। এসময় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও হাত-পা বাঁধা অবস্থায় হেলপারকে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ হেলপারকে উদ্ধার করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালসারী এলাকার ওই কাঁচা রাস্তা থেকে ট্রাক ও হেলপারকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া হেলপারের নাম নাহিদ হাসান (২১)। তিনি মেহেরপুরের খন্দকার পাড়ার ছাব্দার আলীর ছেলে। ছিনতাইয়ের অভিযোগ ওঠা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৭৬৩৭। হেলপার নাহিদ হাসান জানান, বৃহস্পতিবার রাত একটার দিকে মেহেরপুরের শতাব্দী ফিলিং স্টেশনে থাকা অবস্থায় তিনজন দুর্বৃত্ত তাঁর হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি নিয়ে পালানোর সময় দুর্বৃত্তরা তালসারী এলাকার একটি কাঁচা রাস্তায় পৌঁছালে সেটি খাদে আটকে যায়। এসময় তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় হাত-পা বাঁধা অবস্থায় হেলপারকে সেখানেই ফেলে রেখে যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে ট্রাকের মালিক মুজুল হোসেন ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি ট্রাকসহ হেলপারকে উদ্ধার করে নিয়ে যান। এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বলে জানা গেছে।
এদিকে, রাতে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা এবং হেলপারের হাত-পা বেঁধে ফেলে রেখে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
