ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মাদক সেবনের অপরাধে একজনের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে থানায় কর্মরত এসআই মো. মানজেরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা দশমি পাড়ার মহর আলি মন্ডলের ছেলে সোহাগ হাসান ওরফে ইন্তাজকে (৩২) তার নিজ বসতবাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে আদালত আসামি মো. সোহাগ হাসানকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, একই দিনে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা মাঝেরপাড়ার আব্দুল হামিদের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি রকিকে আটক করেন। তাকে আদালতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী, ডাকাতসহ অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
