ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে এই অর্থ ও সম্মাননা হস্তান্তর অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সনদপত্র ও সম্মানীর অর্থ তুলে দেন। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে 'এ প্লাস' (অ+) প্রাপ্ত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের এই সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, কৃতি সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশই নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
