ছবির ক্যাপশন:
অসাধু ব্যবসা ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে পৌর কলেজ রোড এলাকায় গ্যাস ও খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। তদারকিকালে আইন অমান্য করে অবৈধভাবে গ্যাস বিক্রি করার সুনির্দিষ্ট অপরাধে 'মেসার্স মল্লিক গ্যাস ঘর'-এর সত্ত্বাধিকারী মো. মুক্তাজুর রহমান মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স হালনাগাদ করা, অবৈধ মজুতদারী বন্ধ রাখা এবং সঠিক প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ভেজাল ওষুধ ও শিশু খাদ্য বিক্রি করা যাবে না।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
