ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় রিয়া টেক্স লিমিটেডের পরিচালক খন্দকার রিজন হোসেনের আয়োজনে চুয়াডাঙ্গা চেম্বার ভবনের তৃতীয় তলাই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবু সুফিয়ান।
অনুষ্ঠানে রিয়া টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাজীব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গতবার যারা জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্যে অনেকেই পছন্দমতো কলেজে ভর্তি হতে পারেনি। তাই এত হতাশ হওয়ার কিছু নেই। আজ তোমাদের অনুপ্রেরণা যোগানোর জন্যই এই আয়োজন।
তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, সন্তানের শিক্ষার দায়িত্ব মায়েরা নেয়, বাবারা আর্থিক যোগান দেওয়ার জন্য বিভিন্নভাবে ব্যস্ত থাকে। তাই আমি সেই মায়েদের অনুরোধ করব, আপনার সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভতি হওয়া পর্যন্ত তাদের আপনাদের আয়ত্তে রাখবেন। তাহলেই আপনার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনার সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। মানুষ না হতে পারলে শিক্ষার কোনো দাম নেই। এই চুয়াডাঙ্গা ও দেশের জন্য কিছু করতে না পারলে এই সমাজ উপকৃত হবে না। সেই জন্য পড়াশোনার পাশাপাশি মানুষ হতে হবে। আমরা তোমাদের যেভাবে মূল্যায়ন করছি তোমরাও একই ভাবে তোমাদের পরবর্তী প্রজন্মকেও তোমরা অনুপ্রাণিত করবে এবং তাদেরকে পথ দেখাবে।
তিনি বলেন, আমরা একটি সুন্দর চুয়াডাঙ্গা গড়তে চাই। আমাদের জেলাতে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আছে তাদের মেধাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, সবার আগে নিজেদের জন্মভূমি। সেই জন্মভূমির দিকে সবার খেয়াল রাখতে হবে। আমরা বিভিন্ন সময়ে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে থাকি। তাদের পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিই। আগামী দিনে তোমরাও আমাদের মতো করার চেষ্টা করবে এবং চুয়াডাঙ্গাকে বাঁচিয়ে রাখতে হলে চুয়াডাঙ্গার গৌরব ও সম্মানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনে তোমাদের কোনো সহোযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি সর্বোচ্চ সহযোগিতা করব।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা ২৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা স্মারক প্রদান করেন।
হারুন অর রশীদ শান্ত ও রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি বিএল কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ প্রফেসর ড. হামিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জেবুননেসা খাতুন, সীমান্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম পান্না, মোছা. জোছনা খাতুন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন আলী, মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
