ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার পরাগপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ওসমানপুর-পরাগপুর প্রিমিয়াম ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর পঞ্চম দিনের ম্যাচ। গতকাল শুক্রবার বিকেলে পরাগপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হন। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঘিরেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পঞ্চম দিনের ম্যাচেও দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উপভোগ্য।
পঞ্চম দিনের ম্যাচে স্পন্সর হিসেবে সহযোগিতা করেন আলমডাঙ্গা উপজেলার ২ নম্বর হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম। তিনি আয়োজকদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন। এসময় খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জহুরুল ইসলাম বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণরা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।
তিনি বলেন, গ্রামাঞ্চলে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়বে। ভবিষ্যতেও এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তারা।
