ছবির ক্যাপশন:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জমিজমা নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম নামে শ্রমিক দলের এক ওয়ার্ড নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও চার-পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর লিমন নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি দৌলতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের নেতা।
স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান জানান, জমিজমা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় মনিরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত মনিরুলের ভাই আনিস বলেন, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে করে রিশখালী হিংগারপাড়া জামে মসজিদ থেকে বের হলে লিমন কুপিয়ে জখম করে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনসহ উভয় পক্ষের আরও চার-পাঁচজন আহত হয়েছেন। আহত মনিরুল ইসলামকে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় লিমন নামে একজনকে আটক করা হয়েছে। মারামারিতে জড়িতরা পরস্পরের চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
