চুয়াডাঙ্গায় লিগ্যাল এইডের মাসিক সভায় জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম

অর্থের অভাবে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন

আপলোড তারিখঃ 2026-10-01 ইং
চুয়াডাঙ্গায় লিগ্যাল এইডের মাসিক সভায় জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যে আইনগত সহায়তার সুযোগ আরও বিস্তৃত করতে প্রচার-প্রচারণা বাড়ানোর পাশাপাশি লিগ্যাল এইডের আওতাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।


গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন আইনি অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিনা মূল্যে আইনগত পরামর্শ, সহায়তা ও বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করেছে।


তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, ভূমি-সংক্রান্ত জটিলতা, শ্রমিকের অধিকারসহ বিভিন্ন বিষয়ে লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় মানুষ আইনি সেবা পাচ্ছেন। তবে লিগ্যাল এইডের কার্যক্রম শুধু বিনা মূল্যে আইনজীবী নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। বিচারপ্রার্থীদের হয়রানি ও দীর্ঘসূত্রতা কমিয়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য।


রফিকুল ইসলাম বলেন, লিগ্যাল এইডের আওতাধীন মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। একই সঙ্গে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের নিজ নিজ অবস্থান থেকে লিগ্যাল এইড কার্যক্রম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


সভায় তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে লিগ্যাল এইডের সেবা তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা সম্ভব। বিশেষ করে অসহায় নারী, শিশু, প্রতিবন্ধী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আইনগত সহায়তার তথ্য পৌঁছে দিতে সবাইকে এগিয়ে আসতে হবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি পরান ঢালী, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও সহকারী কমিশনার এএসএম আব্দুর রউফ শিবলু, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা) শেখ নুরুল্লাহ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওয়ালিয়ার রহমান, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আকসিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম মানি, জিপি অ্যাডভোকেট আব্দুল মালেক এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপিএম) শাহজাহান মুকুল।


এছাড়া সভায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানিক আকবর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ছানোয়ার হোসেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের শোয়েব আহম্মেদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান এবং জাহানারা যুব মহিলা সংস্থার সমন্বয়কারী অঞ্জন শাহাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় লিগ্যাল এইডের কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অসহায় মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)