চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের মতবিনিময়

সহযোগিতা পেলে চুয়াডাঙ্গা জেলার জন্য ভালো কিছু করতে চাই

আপলোড তারিখঃ 2026-09-30 ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিত, মাদক ও চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, জনসাধারণের নিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


মতবিনিময়কালে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, সড়ক-মহাসড়কে বিভিন্ন ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি প্রতিরোধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশি কার্যক্রম আরও জোরদার করা হবে। জনসাধারণ যাতে পুলিশের কাছ থেকে সহজে সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।


বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধের পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার বুলিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়ার কথা জানান পুলিশ সুপার। এসব সামাজিক সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


তিনি আরও বলেন, ‘আমি এখানে কতদিন থাকবো জানি না, তবে যতদিন আছি এই জেলার জন্য আমি কিছু করতে চাই। আপনাদের সকলের এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আপনারা আমার পাশে থাকবেন তথ্য দিয়ে সাহায্য করবেন।’ তিনি আরও জানান, ‘কেউ যদি আমাদের কোনো তথ্য দিতে চান, এবং পরিচয় গোপন রাখতে চান, তবে বিনা সংকোচে তা করতে পারেন। জেলা পুলিশ তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখবে।’
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। তারা চুয়াডাঙ্গায় মাদকের বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ, শহরের যানজট নিরসন এবং বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান।


এসময় সাংবাদিকরা অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও বিভিন্ন গ্রুপের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টিও পুলিশ সুপারের দৃষ্টিতে আনেন। এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তারা।


পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের দুটি গুরুত্বপূর্ণ অংশ। পারস্পরিক সহযোগিতা, তথ্যের আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।


সভাটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)