ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, এডহক কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলেজের ভালো ফলাফল ও সুনাম অর্জন করতে পারলে শিক্ষার্থী ভর্তি নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে না। ভালো ফলাফলের কারণে ভবিষ্যতে এমনিতেই ভালো শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন বলেন, একসময় সন্ধ্যার পর শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ছিল। বর্তমানে টেলিভিশন ও মোবাইল ফোনের আসক্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা হাসিবুল হোসেন (শান্ত), তরুণ উদ্যোক্তা সাদিকুর রহমান (সাদিক), আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেন, ডা. মোহা. রফিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ এস. এম. এনায়েতুল হক, শিক্ষক প্রতিনিধি হাসানুজ্জামান খান (পলাশ), প্রভাষক এমাজ উদ্দীন আহমেদ (মিল্টন) ও বাবুল হোসেন (মুকুল)।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বর্ণ ভৌমিক, সোহানা খাতুন ও মাহফুজুর রহমান মাহফুজ। ইংরেজিতে বক্তব্য দিয়ে উপস্থিত সবার নজর কাড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোল্লা লিফাত হোসেন। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য ও ব্যবসায়ী মোল্লা মো. মনিরুজ্জামান (সুজন), আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান (হাফিজ), ব্যবসায়ী সংগঠনের নেতা আসাদুজ্জামান (আড়িয়াল), জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জবা। পরে অতিথি ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কলেজের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তরুণ উদ্যোক্তা ও আর্গন এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান সাদিকের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের হাতে প্যাড, কলম, স্কেল ও প্লাস্টিক ফাইল তুলে দেওয়া হয়।
এসময় কলেজ পরিচালনা এডহক কমিটির সাবেক অভিভাবক সদস্য ও ব্যবসায়ী ফজলুর রহমান খান ঘোষণা দেন, একাদশ শ্রেণির কোনো শিক্ষার্থী শতভাগ ক্লাসে উপস্থিত থাকলে তাকে একটি ল্যাপটপ এবং ৮০ শতাংশ উপস্থিত থাকলে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠান শেষে কলেজের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির।
পরে অতিথি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা প্রীতিভোজে অংশ নেন। কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু ও অভিভাবক সদস্য মোল্লা মো. মনিরুজ্জামান সুজনের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়।
