ছবির ক্যাপশন:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে তিন জেলায়ই আলোচনা সভা, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। সভাগুলোতে বক্তারা তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের ক্ষমতায়নে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা:
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’- এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য জানা মানুষের মৌলিক অধিকার। আইনগতভাবেও প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার স্বীকৃত। এ অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তর আইন অনুযায়ী তথ্য দিতে বাধ্য। তিনি বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে আইনে যেসব তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বাদে প্রয়োজনীয় তথ্য নাগরিকদের দিতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে আইন অনুযায়ী তথ্য প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরগুলোর রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অনেক সরকারি দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করা হয় না। একইভাবে সিটিজেন চার্টারও অনেক ক্ষেত্রে পুরোনো তথ্য দিয়ে রাখা হয়। নতুন নতুন সেবা ও কার্যক্রম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এসব তথ্যও হালনাগাদ করা প্রয়োজন। তাই সব সরকারি দপ্তরকে নিয়মিত নিজেদের ওয়েবসাইট ও সিটিজেন চার্টার হালনাগাদ করার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) বি. এম. তারিক-উজ-জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শারমিন সেলিনা আজহার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, ডিএসএসওর সহকারী পরিচালক আইনাল হক, জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসা খানম, জেলা সমবায় কর্মকর্তা সাহাবুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আমির হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নাজমুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাজিদ হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঝিনাইদহ:
‘ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্যপ্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা’- স্লোগানে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় শহরের আজাদ রেস্ট হাউজের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাক ঝিনাইদহের সহসভাপতি নাসরিন ইসলাম। টিআইবির ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহ-দলনেতা ফারদিন আহমেদ মারুফ। ধারণাপত্রের সুপারিশমালা তুলে ধরেন ইয়েস সদস্য মো. ফয়সাল হোসেন। পরে সনাক সভাপতি এন. এম. শাহজালাল মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধন শেষে সনাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য মো. আবু তাহের। বক্তব্য দেন স্থানীয় তরুণ সংগঠনের প্রতিনিধি জাহিদুজ্জামান জনি, ভূমি বিষয়ক এসিজি সমন্বয়ক নাজমুল আলম রিগান, ইয়েস সদস্য মো. ইসরাফিল, ইয়েস সহ-দলনেতা ফারদিন আহমেদ মারুফ, সনাক সদস্য এম. সাইফুল মাবুদ এবং সনাক সহ-সভাপতি মো. আবু রাশেদ।
বক্তারা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা না গেলে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। তাই তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণের পরিবর্তে নাগরিকদের জন্য তথ্যের সহজ ও অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনায় বক্তারা অবিলম্বে তথ্য কমিশন পুনর্গঠন এবং তথ্য অধিকার আইনের যুগোপযোগী সংস্কারের আহ্বান জানান। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতনতা বাড়ানো এবং সঠিক তথ্য সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।
আলোচনা শেষে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সদস্য সালমা খানম। পরে সমাপনী বক্তব্য দেন সনাক সভাপতি এন. এম. শাহজালাল। অনুষ্ঠানে সনাক, ইয়েস, এসিজি ও স্থানীয় তরুণ সংগঠনের প্রতিনিধিসহ মোট ৪৬ জন উপস্থিত ছিলেন। টিআইবি ঝিনাইদহের গণমাধ্যম যোগাযোগ কর্মসূচি বাস্তবায়ন সহকারী মো. আকিমুল ইসলাম পলাশ এসব তথ্য জানান।
মেহেরপুর:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম ও শাকির আহমেদ, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন এবং সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। সভায় তথ্য অধিকার আইন, জনগণের তথ্য পাওয়ার অধিকার এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
