ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিকাশ দেবনাথ (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরে তাকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শেখপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিকাশ দেবনাথকে তার নিজ বাড়ির কক্ষে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলার সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিকাশ দেবনাথ শেখপাড়া এলাকার মৃত বৈদ্যনাথের ছেলে।
পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
