দামুড়হুদায় ইজিবাইক চালকদের আঞ্চলিক মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

ইউএনও’র আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

আপলোড তারিখঃ 2026-09-28 ইং
দামুড়হুদায় ইজিবাইক চালকদের আঞ্চলিক মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ইজিবাইক ফকিরপাড়ায় আটকানো ও জরিমানা আদায়ের প্রতিবাদে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইজিবাইক চালকেরা। গতকাল রোববার বেলা ১০টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন চালকেরা।


জানা গেছে, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উদ্যোগে পুলিশের সহায়তায় দীর্ঘদিন ধরে দামুড়হুদার ফকিরপাড়া এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গাগামী ইজিবাইকের চলাচল বন্ধ রাখা হয়েছে। ওই স্থানে ইজিবাইক থামিয়ে যাত্রীদের নামিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইজিবাইকে তুলে দেওয়া হয়।


ইজিবাইক চালকদের অভিযোগ, বিভিন্ন সময় মহাসড়কে তাদের ইজিবাইক আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে ২ হাজার ৬৫০ টাকা থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এছাড়া গাড়ি আটকের সময় কোনো কোনো চালককে মারধরের শিকার হতে হয়েছে বলেও তারা অভিযোগ করেন।


এসব ঘটনার প্রতিবাদে এবং ফকিরপাড়া এলাকার ব্যারিকেড তুলে দিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগের দাবিতে গতকাল রোববার সকালে বিক্ষোভে নামেন চালকেরা। সকালে শতাধিক ইজিবাইক নিয়ে তারা প্রথমে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। অবরোধের ফলে আঞ্চলিক মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


বিক্ষোভকারীরা দাবি জানান, ফকিরপাড়া এলাকায় ইজিবাইক আটকানোর জন্য দেওয়া ব্যারিকেড অবিলম্বে তুলে নিতে হবে এবং তাদের চলাচলের সুযোগ দিতে হবে। একই সঙ্গে চুয়াডাঙ্গা পৌরসভার বাইরে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ এবং মহাসড়কে চলাচলকারী লেগুনা বন্ধের দাবিও জানান তারা। দামুড়হুদার সাধারণ মানুষেরা বলেন, ইজিবাইক চালকদের অবরোধ যৌক্তিক অবরোধ। আমরা চুয়াডাঙ্গায় যেতে ভোগান্তির শিকার হই। অবশ্যই এর সমাধান হওয়া উচিত।


খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু, এসআই উত্তম ও এসআই প্রদীপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু চালকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যান। পরে বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলেন। এসময় ইউএনও চালকদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যারিকেড তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।


প্রশাসনের আশ্বাসের পর চালকেরা অবরোধ প্রত্যাহার করে নিলে বেলা আড়াইটার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, ‘আমরা ইজিবাইক চালকদের সাথে ডিসি স্যারের সাথে কথা বলানো হয়েছে। ডিসি স্যার বলেছেন সবার সাথে বসে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)