ডিঙ্গেদহে সড়ক পার হতে গিয়ে পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-28 ইং
ডিঙ্গেদহে সড়ক পার হতে গিয়ে পাখিভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে সড়ক পার হতে গিয়ে পাখিভ্যানের ধাক্কায় পৃথ্বীরাজ কুমার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বেলা একটার দিকে ডিঙ্গেদহ বাজারের বড় মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পৃথ্বীরাজ কুমার ডিঙ্গেদহ বাজারের ব্যবসায়ী প্রশান্ত কুমার হালদারের একমাত্র ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রশান্ত কুমার হালদার মোটরসাইকেল নিয়ে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এসময় ছেলে পৃথ্বীরাজ কান্না করলে কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বলে তাকে শান্ত করেন। পরে প্রশান্ত কুমার বাজারের উদ্দেশে রওনা হন। কিন্তু কিছুক্ষণ পর অবুঝ শিশু পৃথ্বীরাজ বাবার পিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে ডিঙ্গেদহ বাজারের প্রধান সড়কে চলে আসে। বাজারে পৌঁছে মোটরসাইকেল থেকে নামার কয়েক মিনিটের মধ্যেই প্রশান্ত কুমার ফোনে জানতে পারেন, তাঁর ছেলে সড়ক পার হওয়ার সময় পাখিভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, পৃথ্বীরাজ কান্না করতে করতে ডিঙ্গেদহ বাজারের প্রধান সড়কের পাশে দৌড়াচ্ছিল। বড় মসজিদের সামনে পৌঁছে হঠাৎ সড়ক পার হওয়ার চেষ্টা করলে চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি পাখিভ্যানের সামনে পড়ে যায়। এসময় ভ্যানের ধাক্কায় শিশুটি সড়কে পড়ে গেলে ভ্যানটির একটি চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা গুরুতর আহত পৃথ্বীরাজকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।


শিশুটির বাবা প্রশান্ত কুমার হালদার বলেন, ‘ছেলে কান্না করছিল। আমি তাকে কিছুক্ষণের মধ্যে ফিরে আসব বলে বাড়ি থেকে বাজারে চলে আসি। কিন্তু সে যে আমার পিছু নিয়ে বাজারে চলে আসবে, তা বুঝতে পারিনি। বাজারে এসে কয়েক মিনিটের মধ্যেই ফোনে জানতে পারি, আমার ছেলে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রাজশাহী নিতে বলেন। কিন্তু রাজশাহী নেওয়ার পথেই আমার একমাত্র ছেলে মারা যায়। আমি আর আমার স্ত্রী এই শোক কীভাবে সহ্য করব, বুঝতে পারছি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)