ঝিনাইদহে ‘একদিনেই উঠে যাওয়া’ সড়ক পরিদর্শনে রাশেদ খান

ঠিকাদারের লাইসেন্স বাতিলের নির্দেশ

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
ঝিনাইদহে ‘একদিনেই উঠে যাওয়া’ সড়ক পরিদর্শনে রাশেদ খান ছবির ক্যাপশন:

ঝিনাইদহ পৌরসভায় কাজ শেষের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পিচ উঠে যাওয়া সেই আলোচিত সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সাধুপতিরাম স্কুল থেকে ভড়ুয়াপাড়া মোড় পর্যন্ত ১ কিলোমিটারের সড়কটি ঘুরে দেখেন তিনি। এসময় কাজের চরম অনিয়মে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং লাইসেন্স বাতিলের স্পষ্ট নির্দেশ দেন তিনি।


পরিদর্শনকালে রাশেদ খান স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং সড়কটির করুণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি উপস্থিত পৌর কর্তৃপক্ষ ও প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘উন্নয়ন কাজের নামে জনগণের টাকার এমন হরিলুট কোনোভাবেই বরদাশত করা হবে না। অনিয়মে জড়িত ঠিকাদারের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে এবং সড়কটির কাজ নতুন করে মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে।’


ঝিনাইদহ পৌরসভার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও ঝিনাইদহ পৌরসভার যৌথ অর্থায়নে প্রায় ৪৩ লাখ (প্রাক্কলিত ৬০ লাখ) টাকা ব্যয়ে এক কিলোমিটারের এই সড়কটির নির্মাণকাজ করছেন অনিক এন্টারপ্রাইজের মালিক ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কের অনুকুল চন্দ্র বিশ্বাস নামে এক ঠিকাদার। গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ২২ সেপ্টেম্বর কাজটি শেষ হয়। কিন্তু হস্তান্তরের মাত্র একদিনের মাথায় পায়ের ঘষাতেই সড়কটির উপরিভাগের পিচ ও খোয়া উঠে যেতে থাকে।


দীর্ঘ প্রায় ১৮ বছর পর সড়কটির পুনঃনির্মাণ করা হলেও নিম্নমানের ইট, বালি, বিটুমিন ব্যবহার এবং নির্ধারিত ২৫ সেন্টিমিটার থিকনেসের জায়গায় মাত্র ১৭ সেন্টিমিটার দিয়ে কাজ শেষ করার অভিযোগ তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আর ঠিকাদারের সঙ্গে এই নিম্নমানের কাছে সহায়তা করেন বিশ্বব্যাংকের পিডি ও ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলী রাশেদ আলী খান।


এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিজেই সরেজমিনে এসে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। তারা দ্রুততম সময়ে দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় এনে মানসম্মত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। সাইট ভিজিটের খবর নিশ্চিত করে শুক্রবার বিকালে ঝিনাইদহ পৌরসভার প্রকৌশলী রাশেদ আলী খান জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রাস্তাটি পরিদর্শন করে ঠিকাদার ও কাজের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)