ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নারী কল্যাণ সাপোর্ট সেল উদ্বোধন এবং নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, দুর্নীতি ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এসময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অল্প বয়সে বিয়ে হলে একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ বন্ধে শুধু প্রশাসন নয়, পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আমরা সবাই সচেতন হলে কার্পাসডাঙ্গাসহ পুরো এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।’
তিনি বলেন, নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে অভিযোগ জানানোর সুযোগ সহজ করতে হবে। কোথাও নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ বা মাদকের ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। পরে নারী কল্যাণ সাপোর্ট সেলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।
