চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ

তোমরা ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যের অংশীদার হলে

আপলোড তারিখঃ 2026-09-25 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ ছবির ক্যাপশন:

উৎসবমুখর ও সুবাসিত আবহে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই কলেজ প্রাঙ্গণজুড়ে বিরাজ করছিল এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। বর্ণিল ব্যানার, ফেস্টুন আর রজনীগন্ধার মালায় সুসজ্জিত হয়ে উঠেছিল চুয়াডাঙ্গার প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশ ও সহপাঠীদের সাহচর্যে নবীন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ চত্বর একপর্যায়ে উছলে পড়া প্রাণের মেলায় পরিণত হয়।


অনুষ্ঠানের মূল পর্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উষ্ণ সম্ভাষণ জানান। দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনে চুয়াডাঙ্গা সরকারি পরিবারের অংশ হতে পেরে যারা আমাদের মাঝে এসেছো, তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এবার আমাদের কলেজে চার হাজারেরও বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল, যার মধ্যে থেকে মেধার স্বাক্ষর রেখে তোমরা প্রায় ৮০০ থেকে ৮৬০ জন চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছ। নিঃসন্দেহে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ অনেকেই এ কলেজে পড়ার স্বপ্ন দেখলেও সুযোগ পায় না। তোমরা আজ থেকে এই ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যের অংশীদার হলে।’


অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. সাইফুর রশিদ আরও যোগ করেন, ‘আশা করি তোমরা এই বিদ্যাপীঠের জ্ঞানালোক স্পর্শ করে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চশিক্ষা অর্জন করে মেধা ও মনন দিয়ে মাতৃভূমির সেবায় নিজেদের উৎসর্গ করবে।’


শিক্ষক আজিম হোসেন ও শিক্ষিকা ডলি আক্তারের যৌথ ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর সফিকুল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নতুন প্রজম্মের শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলিয়ান হওয়ার আহ্বান জানান।


তাঁরা উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক চেতনার সংমিশ্রণ ঘটিয়ে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন এই কলেজের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল হয় এবং সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়।


অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে আবেগঘন ও অনুভূতিপ্রবণ বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম। পুরো আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় ও আবেগঘন মুহূর্তটি তৈরি হয় নবীনদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার সময়। শিক্ষার্থীরা হাতে সতেজ রজনীগন্ধার তোড়া নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালে এবং হাসিমুখে নবীনদের হাতে তা তুলে দিলে পুরো ক্যাম্পাসে এক আনন্দময় ও পরম সৌহার্দ্যরে সেতু তৈরি হয়।


আনুষ্ঠানিক পর্ব শেষে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজেরই উদীয়মান ও মেধাবী শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত, একক ও দলীয় নৃত্য, আবৃত্তি এবং নাট্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মঞ্চ। শিক্ষার্থীদের পরিবেশিত চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও হাজারো শিক্ষার্থীকে এক অনাবিল আনন্দে মুগ্ধ করে রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)