চুয়াডাঙ্গায় পাখিভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ

মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-23 ইং
চুয়াডাঙ্গায় পাখিভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে পাখিভ্যান ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ফাহিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নয়মাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমের মা মোছা. শিউলি সদর উপজেলার হাসনহাটি গ্রামের মো. মামুনের স্ত্রী। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন- ভান্ডারদহ গ্রামের নায়েব আলীর ছেলে নয়ন আলী, হাসনহাটি গ্রামের মাহাফুজা খাতুন এবং দশমাইল গ্রামের ভ্যানচালক নিয়ামত আলী।


নিহত ফাহিমের দাদি মরিয়ম খাতুন বলেন, ‘আমার নাতি ও বেটার বোউকে নিয়ে সঙ্গে দশমাইলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে নয়মাইল বাজারে পাখিভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপের মুখোমুখি ধাক্কা লাগে। এসময় বেটার বউয়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হই আমরাসহ নাতি ছেলে ফাহিম।’


প্রত্যক্ষদর্শীরা বলেন, এ ঘটনায় ভ্যানচালকসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশু ফাহিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহবুবা মুস্তারি মৌ বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, ‘দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। তবে মিনি পিকআপ ও এর চালককে আটক করা হয়েছে। গাড়ি ও চালক থানা হেফাজতে রয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)