ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়ায় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে জুনিয়র ফুটবল দলের খেলোয়াড়দের ফুটবল উপহার দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে আসন্ন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজার পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকের মতো আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। বিশেষ করে ফুটবলকে কেন্দ্র করে শিশু-কিশোরদের নিয়মিত মাঠে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা।
ফুটবল উপহার পেয়ে জুনিয়র দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আনন্দের সঙ্গে ফুটবল গ্রহণ করে নিয়মিত খেলাধুলা ও অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের প্রত্যয় ব্যক্ত করে।
সেলিম রেজার পক্ষ থেকে বলা হয়, এলাকার শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তরুণরা যাতে অবসর সময় মাঠে কাটায় এবং ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে, সে লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে। ভবিষ্যতেও এলাকার জুনিয়র ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে সামাজিক ও ক্রীড়ামুখী বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
ফুটবল উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য ও নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালিম, যুবদল নেতা ইসরাফুল ইসলাম এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজা।
