আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেহাটিকে হারিয়ে কাশিপুরের চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2026-09-19 ইং
আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ডিকেএমএন (উকগঘ) স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে দেহাটি ক্রীড়া সংস্থাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশিপুর ক্রীড়া সংস্থা।


গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল ফুটবলপ্রেমী দর্শকদের উপচেপড়া ভিড়। ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় দেহাটি ক্রীড়া সংস্থার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইদ্রিস গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর আর কোনো গোল না হওয়ায় প্রথমার্ধের খেলা ১-০ ব্যবধানে শেষ হয়।


দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে কাশিপুর। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় কাশীপুর ক্রীড়া সংস্থার ১০ নম্বর জার্সিধারী বাঁধন গোল করে স্কোর ১-১ করেন। এরপর নির্ধারিত সময়ের বাকি সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে দেহাটি ক্রীড়া সংস্থাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয় করে কাশীপুর ক্রীড়া সংস্থা। টাইব্রেকারে কাশিপুরের হয়ে জয়সূচক গোল করেন দলের অধিনায়ক শাহারুল।


খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির এডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হযরত মাওলানা আব্দুস সাত্তার, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সদস্য জাফরুল হক বাবলু, কেডিকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সামা টোকন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ, দেহাটি বাজার কমিটির উপদেষ্টা শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।


ফাইনাল খেলায় কাশীপুর ক্রীড়া সংস্থার শাহারুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেহাটি ক্রীড়া সংস্থার ১১ নম্বর জার্সিধারী ইদ্রিস আলী। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দেহাটি ক্রীড়া সংস্থার গোলরক্ষক নিশান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সৌজন্য হিসেবে প্রদান করেন আন্দুলবাড়ীয়া মিস্ত্রিপাড়ায় অবস্থিত মেসার্স সততা ফল ভান্ডারের স্বত্বাধিকারী সাবু ও সোহান। ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল হাই। সহকারী রেফারি ছিলেন মারুফ হুসাইন (মাইজ) ও রিয়াদ হোসেন। ধারাভাষ্য দেন জীবননগরের জনপ্রিয় ধারাভাষ্যকার রমজান আলী বিশ্বাস।


টুর্নামেন্ট পরিচালনায় ডিকেএমএন স্পোর্টিং ক্লাবের সদস্যদের পাশাপাশি ডা. সোহাগ রানা সবুজ ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন। খেলা দেখতে আসা ১০ জন সেরা দর্শকের হাতে পৃথকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত অতিথিদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন কাশীপুর ক্রীড়া সংস্থার হাতে ট্রফি ও ৭ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ দেহাটি ক্রীড়া সংস্থার হাতে ট্রফি ও ৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের প্রত্যেককে একটি করে মেডেল দেওয়া হয়।


স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা টুর্নামেন্টে সৌজন্য স্পন্সর হিসেবে সহযোগিতা করেন। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের পর্দা নামে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)