ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আরাফাত (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ৮টার দিকে দর্শনাগামী সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। আটক আরাফাত দামুড়হুদার জুড়ানপুর গ্রামের আনারুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় জুড়ানপুর গ্রামের আনারুলের ছেলে আরাফাত ব্যাটারিচালিত পাখিভ্যানে করে আসছিলেন।
পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হলে আটক করে। পরে তাঁর ব্যবহৃত ব্যাটারিচালিত পাখিভ্যানের বসার সিটের নিচে থাকা টুলবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হলুদ রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়।
পুলিশ জানায়, বস্তার ভেতরে কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো সাতটি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। পরে বস্তাসহ মোট ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং পাখিভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাতের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আরাফাতের কাছ থেকে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
