ছবির ক্যাপশন:
ঝিনাইদহের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় রাজমিস্ত্রি নিহত সিরাজুল ইসলাম বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। গতকাল শনিবার ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম (৪৫) ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী নাসিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম বাইসাইকেলযোগে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. হামিদুর রহমান বলেন, সিরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
