ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

র‌্যাবের খুন-গুমের কলঙ্ক বিএনপি সরকার বয়ে বেড়াতে পারে না

আপলোড তারিখঃ 2026-09-12 ইং
ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ছবির ক্যাপশন:

খুন-গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশব্যাপী সমালোচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের অপকর্মের দায় বিএনপি বয়ে বেড়াতে পারে না। সে কারণে জনগণের দাবি ও প্রত্যাশা পূরণ করতে র‌্যাব বিলুপ্তি করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। নতুন বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় জনগণের পাশে থেকে কাজ করবে। এক্ষেত্রে বিরোধী দলের যদি কোনো মতামত থাকে, তবে তা সাদরে গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, সরকারি ও বিরোধী দলের মতামত ও ঐক্যমত্যের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হবে।


গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে রাশেদ খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন। কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই সব সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রস্তাব ভারতের কাছে রাখা হয়েছে। এই দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।


তিনি বলেন, বাংলাদেশ এখন কোনো দেশের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও সংকটাপন্ন একটি দেশকে সংস্কারের মাধ্যমে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ অবস্থায় বিরোধী দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কিন্তু দেশের এই ক্লান্তিলগ্নে বিরোধী দল সরকারের পাশে না দাঁড়িয়ে তারা রোডমার্চ নিয়ে ব্যস্ত। রোড মার্চ করে যদি তেল-গ্যাসের সমস্যার সমাধান করা যেত, বিএনপির সবার আগে রোড মার্চ করতো।


তিনি বলেন, ছোট ছোট যেসব বিষয় আলোচনার মাধ্যমে বসে সমাধান করা যায়, সেগুলোকে বড় আকার দিয়ে সরকারকে বিব্রত করা কিংবা আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা উচিত নয়।
সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘সংসদে রুমিন ফারহানা আওয়ামী লীগের ভাষা ব্যবহার করছেন। তার মধ্যে আমি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ছবি দেখতে পাই। আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা যে ভাষায় কথা বলেন রুমিন আপাও সে ভাষায় কথা বলছেন।  তিনি বিএনপি থেকে বঞ্চিত হয়ে যে ক্ষোভ উগরে দিচ্ছেন সেটা তার স্বার্থগত রূপ।


জামায়াতে ইসলামীর লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, তেল-গ্যাস সংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জামায়াতে ইসলামী সঠিক রাজনৈতিক পথ বেছে নেয়নি। সরকার যখন ভারত বিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানে রয়েছে, তখন সরকারের পাশে না দাঁড়িয়ে উল্টো আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে এনসিপি ও জামায়াত যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।


র‌্যাব বিলুপ্তির প্রসঙ্গে রাশেদ খান বলেন, র‌্যাবের খুন-গুমের কলঙ্ক বিএনপি সরকার টানতে পারে না। শেখ হাসিনা র‌্যাবকে খুন-গুমের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। এ কারণে সারা বাংলাদেশে র‌্যাব বিলুপ্তির দাবি উঠেছিল। তিনি বলেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি (ঝজই) নামে নতুন একটি বাহিনী গঠন করেছে। নতুন এই বাহিনীর কাছে জাতির প্রত্যাশা অনেক। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসআরবি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খান বলেন, দল যাকে মনোনয়ন দেবে, দলের সব নেতা-কর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, বিএনপি নেতা শাহাজান আলী, যুবদল নেতা মনিরুল ইসলাম এবং ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)