ছবির ক্যাপশন:
সীমান্তে বিএসএফের পুশ-ইন, সার পাচার, চোরাচালান ও মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাইলবাড়িয়া ভূতের মোড়ে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম। এসময় ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৫০-৬০ জন স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অধিনায়ক তার বক্তব্যে বলেন, বর্তমানে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পুশ-ইন প্রতিরোধে বিএসএফ গেইট পাহারা, সীমান্তের ওপারে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সার অবৈধভাবে ভারতে পাচারের সম্ভাবনা রয়েছে। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এছাড়া মাদক, স্বর্ণ, গরু ও মানুষ পাচারসহ সকল প্রকার চোরাচালান সামাজিকভাবে প্রতিহত ও মাদককে বয়কটের পরামর্শ দেন। সীমান্ত দুর্ঘটনা এড়াতে শূন্য লাইন অতিক্রম না করা, সন্ধ্যার পর শূন্য লাইনে অবস্থান না করা, ভারতীয় জমি লিজ বা চাষ না করা এবং অহেতুক সীমান্ত এলাকায় গমন না করারও নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত সকলে বিজিবির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সভা অব্যাহত রাখার অনুরোধ জানান।
