কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ বিরুদ্ধে মিছিল করে উল্টো জেলে যুবদল নেতা জসিম!

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগ বিরুদ্ধে মিছিল করে উল্টো জেলে যুবদল নেতা জসিম! ছবির ক্যাপশন:

রাজনৈতিক দলের প্রতি গভীর আনুগত্য, দীর্ঘদিনের হামলা-মামলার বিভীষিকা আর জনসেবায় নিবেদিতপ্রাণ হয়েও শেষ রক্ষা হলো না ঝিনাইদহের কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের টানা জনপ্রিয় ইউপি সদস্য ও যুবদল কর্মী মো. জসিম উদ্দীনের। বিগত সরকারের সময় দিনের পর দিন ঘরছাড়া, কারাবাস ও নির্যাতনের শিকার হওয়া এই ত্যাগী নেতা নিজের দলীয় আদর্শ রক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত ৯টার দিকে বগেরগাছি বাজার এলাকা থেকে পুলিশ জসিমকে আটক করে।


    স্থানীয় বিএনপি নেতা আবুল কাসেম জানান, গত ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এক ঝটিকা মিছিল বের করে। যুবদল নেতা জসিম মেম্বার আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলার বগেরগাছি বাজারে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক প্রতিবাদ বিক্ষোভ করেন। মিছিলটি বাজার অভিমুখে যাওয়ার পথে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পৌঁছালে বিগত দিনের আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত মিজানুর রহমান ও তার ভাই আনোয়ার হোসেন লাঠিসোটা নিয়ে মিছিলকারীদের ওপর অতর্কিত হামলা চালান।


    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, হামলাকারী মিজানুর লাঠি দিয়ে মিছিলের এক কর্মীকে বেধড়ক পেটাচ্ছেন এবং ধাওয়া করছেন। পরবর্তীতে মিছিলকারীরা প্রতিহত করতে গেলে উভয়ের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয় এবং হামলাকারী দুই ভাই কিছুটা আহত হন।


    ঘটনার বিচার পাওয়ার পরিবর্তে উল্টো ৯ দিন পর সেই হামলাকারী মিজানুর রহমান রাজনৈতিক খোলস পাল্টে বিএনপি সেজে কালীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে উল্টো মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ জসিম মেম্বারকে রোববার রাতে গ্রেপ্তার করে।


    জসিম মেম্বারের এই অনাকাক্সিক্ষত গ্রেপ্তারে পুরো এলাকায় এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, এলাকায় জসিম মেম্বার একজন সমাজসেবক, গণমানুষের প্রিয় মুখ এবং মানবিক মানুষ হিসেবে পরিচিত। বিগত দিনে বিএনপি-যুবদলের যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের নির্বাচনের আগেও তিনি আওয়ামী লীগ সরকারের দুটি গায়েবি মামলায় দীর্ঘ সময় কারাবরণ করেন।


    স্বামীর এই করুণ পরিণতিতে কান্নায় ভেঙে পড়ে জসিমের স্ত্রী সোনালী বেগম আক্ষেপ করে বলেন, ‘আওয়ামী লীগের টানা দুঃশাসনে আমার স্বামী কোনো দিন পরিবারকে সময় দিতে পারেনি, শান্তিতে একরাত বাড়িতে ঘুমাতে পারেনি। মিথ্যা মামলায় পালিয়ে বেড়াত। আর আজ বিএনপির সুসময়ে এসেও আওয়ামী লীগের সেই দোসরদের হামলাই শুধু সহ্য করতে হলো না, তাদের মিথ্যা মামলাতে তাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো! আমি আমার স্বামীকে আর এমন রাজনীতি করতে দেব না।’


    রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমীন প্রিন্স ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জসিম মেম্বার রাজপথের পরীক্ষিত ও লড়াকু যোদ্ধা। আন্দোলন-সংগ্রামে যে মানুষটি নিজের জীবন বাজি রেখেছিলেন, আজ সুসময়ে নব্য রূপ পরিবর্তনকারী আওয়ামী ক্যাডারদের সাজানো মামলায় তাকে জেলে যেতে হলোÑএর চেয়ে দুঃখজনক ও লজ্জার আর কিছু হতে পারে না।’


    তবে নিজের অতীতের রাজনৈতিক পরিচয় ও মিছিলে হামলার কথা অস্বীকার করেছেন মামলার বাদী মিজানুর রহমান। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি গৌরাঙ্গ কুমার বসু জানান, রোববার থানায় নিয়মিত মামলা রুজু হওয়ার পরই এজাহারভুক্ত আসামি হিসেবে জসিমকে আটক করা হয়। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)