ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে ভবন নির্মাণকাজ শেষে শাটারের কাঠ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহাবুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে নয়মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মহাবুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের মাইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভবনের নির্মাণকাজ শেষে শাটারের কাঠ খোলার সময় অসাবধানতাবশত কাঠটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসে। এতে মহাবুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় নুরজ্জামান বলেন, ‘ভবন নির্মাণের সময় বৈদ্যুতিক তারের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কাজের আগে বিদ্যুৎ লাইনের অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া জরুরি।’
