ছবির ক্যাপশন:
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার উপরে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্যসচিব এ বাঁকা বিল্লাহ, বিএনপি নেতা আলিফ আরাফাত, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন। তাঁদের সহযোগিতায় দক্ষিণ শালিকা গ্রামে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, বিএনপির পক্ষ থেকে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ ও কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে দেশকে সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনেও এ কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
