ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে শিশুদের ফুটবল খেলা কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশীর লাঠির আঘাতে রবিউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে।
গ্রামবাসী সামিউল ইসলাম জানান, শনিবার সকালে রবিউল ইসলামের ছেলে সিফাত ইয়ামিন জিহাদের (১০) সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে সোহানুর রহমান সোহানের (১৩) ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে বেলা ১টার দিকে লুৎফর রহমান বাঁশের লাঠি নিয়ে শিশু জিহাদকে মারধর করার জন্য তাড়া করেন। এসময় সন্তানকে বাঁচাতে পিছু নেন রবিউল ইসলাম। পথে স্থানীয় খলিল মণ্ডলের বাড়ির সামনে পৌঁছালে লুৎফর রহমানের সঙ্গে রবিউলের তীব্র বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে লুৎফর রহমান তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রবিউলের ঘাড় ও পিঠে আঘাত করেন। আঘাতজনিত কারণে রবিউল গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক পরিচর্যা হিসেবে মাথায় পানি দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় যাদবপুর বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে তাদের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লুৎফর রহমানের লাঠির আঘাতে রবিউল ইসলাম অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত লুৎফর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
