ছবির ক্যাপশন:
দামুড়হুদায় অসুস্থ মাকে দেখতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাইম খান (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ফরিদপুরের মধুখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাইম খান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মুকুল খানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইমের মা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। চুয়াডাঙ্গাগামী ‘পূর্বাশা পরিবহনের’ একটি বাসে করে বাড়ি ফেরার পথে মধুখালী এলাকায় বাসটির সঙ্গে একটি ১০ চাকার ট্রাকের সংঘর্ষ হয়। এতে নাইম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে একদল সেনাসদস্যের উপস্থিতিতে নাইমকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে জানাজা শেষে গোবিন্দহুদা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। অসুস্থ মায়ের পাশে বসে সেবা করার আশায় যে ছেলে ছুটে আসছিলেন, তার নিথর দেহ হয়ে বাড়ি ফেরার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মায়ের অসুস্থতার মধ্যে ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোবিন্দহুদার পরিবেশ।
নাইমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকার মানুষ তাকে একনজর দেখতে বাড়িতে ছুটে আসেন। এ ঘটনায় গোবিন্দহুদাসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
