ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর বদরগঞ্জ বাজারে এ গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন। বক্তব্যে রুহুল আমীন বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে। অথচ জ্বালানি মন্ত্রী বলছেন, গ্যাস-তেলের কোনো সংকট নেই এবং বিদ্যুৎ মন্ত্রীও বলছেন, বিদ্যুতের কোনো সমস্যা নেই। দেশে সমস্যা আছে কি না, তা জনগণই ভালোভাবে জানে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী করতে গিয়ে একসময় নেতা-কর্মীদের নানা প্রতিকূলতার মধ্যে থাকতে হয়েছে। পুলিশের ভয়ে বাড়িতে ঘুমাতে পারেননি, আমবাগান ও কলাবাগানে রাত কাটাতে হয়েছে। একের পর এক মামলা হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই, শান্তিতে ঘুমানো যাচ্ছে। তাই জামায়াতে ইসলামী করে কী পেলাম- এ প্রশ্নের জবাবও নিজেদের উপলব্ধি করতে হবে। রুহুল আমীন বলেন, ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে ত্যাগ ও কষ্ট স্বীকার করলেই আল্লাহর কাছে জান্নাতের আশা করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, কুতুবপুর ইউনিয়ন আমির মাওলানা খবির উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা টিমের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহরম মুন্সী। এদিকে, একই দিন বিকেল ৪টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি স্কুল মাঠেও গণসংযোগ করেন রুহুল আমীন। সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা শাখার প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, পদ্মবিলা ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুম বিল্লাহসহ ঘোষিত মেম্বার প্রার্থীরা।
