নবগঙ্গা নদীতে মাছের পোনা ছাড়লো বিএনপি

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
নবগঙ্গা নদীতে মাছের পোনা ছাড়লো বিএনপি ছবির ক্যাপশন:

‘মাছে-ভাতে বাঙালির’ হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ উদ্যাপনের বাইরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য্য ও দেশীয় মাছের সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে রুই, কাতলা ও মৃগেলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ব্যতিক্রমী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের প্রতিটি উন্মুক্ত জলাশয়, খাল-বিল ও পতিত জমির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে দেশজুড়ে মাছের উৎপাদন বাড়ানো জরুরি। সেই ভাবনা থেকেই ঝিনাইদহ জেলার নদ-নদী ও প্রাকৃতিক জলাশয়গুলোতে ধারাবাহিকভাবে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছি। আমরা চাই আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে মিলে মাছে-ভাতে বাঙালির সেই চিরচেনা ঐতিহ্য আবার ফিরিয়ে আনুক।’


কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন।


এছাড়া জেলা মৎস্যজীবী দলসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত করেন। পরিবেশবান্ধব ও গঠনমূলক এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)