ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের জোয়ার্দ্দারপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই মল্লিকপাড়া থেকে জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানা পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মল্লিকপাড়া থেকে ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও জোয়ার্দ্দারপাড়ার শেষ সীমানায় এসে তা থেমে গেছে। মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন তারা। কিন্তু অসম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি নিষ্কাশন না হয়ে পুরো পাড়া প্লাবিত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী রোকন উদ্দিন বলেন, সামান্য বৃষ্টিতেই আমাদের পাড়ায় হাঁটুপানি জমে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। আর মাত্র ২০০ থেকে ৩০০ মিটার ড্রেন নির্মাণ করা হলে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হতো। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ‘জলাবদ্ধতার কারণে জোয়ার্দ্দারপাড়ার মানুষের দুর্ভোগের বিষয়টি আমি অবগত। দ্রুত ড্রেন নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।’
এদিকে, জলাবদ্ধতার কারণে এলাকাটির ছোট ব্রিজটিও ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ব্রিজটির চারপাশের মাটি সরে যাচ্ছে। এতে ব্রিজটির ভিত্তি ও কাঠামো দুর্বল হয়ে যেকোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, জনদুর্ভোগ লাঘব এবং ছোট ব্রিজটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অবশিষ্ট ড্রেন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
