আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিক বিশেষজ্ঞের পরামর্শ ফি মাত্র ২০ টাকা

আপলোড তারিখঃ 2026-09-03 ইং
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিক বিশেষজ্ঞের পরামর্শ ফি মাত্র ২০ টাকা ছবির ক্যাপশন:

অর্থের অভাবে যেন কোনো ডায়াবেটিস রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, এমন মানবিক ভাবনা থেকেই সেবার পরিধি আরও বাড়িয়েছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। এবার মাত্র ২০ টাকা টিকিটে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীরা।


স্বাস্থ্যসেবায় আলমডাঙ্গার অন্যতম সেবামূলক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। রোগীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে।


সমিতি সূত্রে জানা গেছে, এখন থেকে আলমডাঙ্গা উপজেলার ডায়াবেটিস আক্রান্ত রোগীরা মাত্র ২০ টাকা টিকিটের মাধ্যমে ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ সুবিধা পেতে উপজেলার ডায়াবেটিস আক্রান্ত সকল রোগীকে সমিতিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রেজিস্ট্রেশনকৃত রোগীদের জন্য আরও বিভিন্ন সুবিধা বাড়ানো হয়েছে।


ডায়াবেটিস এমন একটি রোগ, যা অবহেলা করলে ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিডনি জটিলতা, হৃদরোগ, দৃষ্টিশক্তি হারানোসহ নানা গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অথচ নিয়মিত চিকিৎসা, পরামর্শ ও সচেতনতার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এ রোগ।


এই বাস্তবতাকে সামনে রেখে ২০২০ সাল থেকে আলমডাঙ্গার ডায়াবেটিস আক্রান্ত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি। সময়ের সঙ্গে সমিতির সদস্য ও রোগীর সংখ্যা বাড়লেও সেবার মান ও মানবিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে যায়নি প্রতিষ্ঠানটি।


এ ব্যাপারে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। পূর্বের তুলনায় সমিতির সদস্য ও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা মনে করছি, সেবাকে আরও সাশ্রয়ী করলেও কোনো অসুবিধা হবে না। আমাদের লক্ষ্য হলো উপজেলার সাধারণ মানুষ যেন সমিতির সেবা গ্রহণ করে সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)