ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে ডিসি ইকো পার্কে খেলার মাঠ স্থাপন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী ও হিউম্যান রাইটস সংগঠন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন সুশীল ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গার অন্যতম নিদর্শন ও ঐতিহ্য শিবনগর ইকোপার্ক বা ডিসি ইকো পার্ক। পার্কের মাঝে খেলার মাঠ স্থাপন করার জন্য কিছু মানুষ চেষ্টা করছেন। কিন্তু পার্কে বর্তমানে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী আছে। অসংখ্য দর্শনার্থী এখানে আসেন মানসিক প্রশান্তির জন্য। যদি এখানে খেলার মাঠ হয়, তবে এখানকার জীববৈচিত্র্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা কেউ খেলার বিপক্ষে নয়। তরুণ ও যুবকদের জন্য খেলার বিকল্প আর কিছুই হতে পারে না। কিন্তু খেলার মাঠটি বিকল্প স্থানে হওয়া দরকার। জীববৈচিত্র্য ধ্বংস করে নয়।
স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমরা পরিবেশ রক্ষায় কাজ করবো। সেই সাথে খেলার জন্য ব্যবস্থা করবো। আমি ইকোপার্কের মধ্যে কোনো অবস্থায় খেলার মাঠ স্থাপন করতে দেবো না। আমি তাদের অন্যত্র স্থানে খেলার মাঠ স্থাপন করার কাজ করছি। আপনাদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান আলী, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক (প্রাণিবিদ্যা) ও সভাপতি, বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ মো. আহসান হাবিব শিপলু, মো. মোফাজ্জল হোসেন, মো. সাকিল আহমেদ, মো. রুহিন আলীসহ সংগঠনের সদস্যরা ও সুশীল ব্যক্তিবর্গ।
