সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসির মতবিনিময়

মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর হওয়ার ঘোষণা

আপলোড তারিখঃ 2026-08-31 ইং
সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ওসির মতবিনিময় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় সদর থানার ওসির কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় ওসি মারুফ রহমান বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সদর থানা পুলিশ নিরলসভাবে কাজ করবে। তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। থানাকে কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির জায়গা হিসেবে নয়, বরং মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’


মাদক, কিশোর অপরাধ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওসি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও বিশেষ নজর রাখা হবে। থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করা হবে।


ওসি আরও বলেন, পুলিশ একা কোনো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এ জন্য সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। গণমাধ্যম সমাজের নানা সমস্যা ও মানুষের কথা পুলিশের সামনে তুলে ধরে। তাই সাংবাদিকদের সঙ্গে পুলিশের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে চান তিনি।


মারুফ রহমান বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসংগতি তুলে ধরবেন। পুলিশের পক্ষ থেকেও তথ্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোনো সমস্যা বা অভিযোগ থাকলে সরাসরি থানায় জানাবেন। আমরা তা গুরুত্বের সঙ্গে দেখব।’


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা সদর থানার মানুষের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। দায়িত্ব পালনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


সভায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক আকবর, দৈনিক আজকের খাসখবরের প্রধান সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বাংলাদেশ প্রতিদিনের জামান আখতার, দৈনিক মাথাভাঙ্গার আলম আশরাফ, অনিক সাইফুল ও আব্দুল্লাহ রহমান, বৈশাখী টেলিভিশনের মিজানুর রহমান, ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিমের শেখ লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)