ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মুকুল বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পরে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলুকদিয়া রোমেলা স্কুলের পেছনে একটি পানবরজের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আটক মুকুল বিশ্বাস একই এলাকার মৃত ফয়জুদ্দীনের ছেলে।
ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ, রোববার বিকেলে তাদের বসতঘরে সাপ ওঠে। সাপ মারার জন্য তিনি মেয়েকে বাড়ির পেছন থেকে বাঁশ আনতে বলেন। কিশোরী বাঁশ আনতে বাড়ির পেছনে গেলে মুকুল গামছা দিয়ে তার মুখ বেঁধে পানবরজের ভেতরে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
মেয়েটি দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর পানবরজের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় কান্নারত অবস্থায় কিশোরী তার মাকে জানায়, মুকুল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছেন। পরে স্থানীয়রা পানবরজের ভেতর থেকে মুকুলকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান মুকুল বিশ্বাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা আজ সোমবার করা হবে।
