ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মৌমাছির কামড়ে ১০ পথচারী আহত হয়েছে। গতকাল সকালের দিকে দর্শনা-জীবননগর সড়কের কেরুজ জৈব সার কারখানার সামনে ঘটে। এতে সড়ক দিয়ে সাধারণ যানবাহনসহ পথচারীরা ১ ঘন্টা চলাচল বন্ধ করে দেয়। জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া কেরুজ জৈব সার কারখানার সংলগ্ন হেরিং রাস্তার সামনে দর্শনা-জীবননগর সড়কের প্রধান সড়কের নিকট একটি আতাগাছে মৌমাছি বাসা বাঁধে। এ মৌমাছি মধুর চাকের থেকে ছড়িয়ে পড়ে সড়কসহ আশপাশ এলাকায়। এসময় সড়ক দিয়ে চলাচলকারী পথচারী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মসলেম সর্দারের ছেলে ট্রাক্টর ম্যাকানিক মোহাম্মদ আলী (৪৩), দামুড়হুদার কুড়ুলগাছির মনিরুজ্জামান মনিরের ছেলে আকিজ টোবাকো (সিগারেট) কোম্পানীর ভ্যানগাড়ি চালক আলম (৩৫) ও চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার মতিয়ার রহমানের ছেলে প্রিন্টিং প্রেসের মেশিনম্যান কাফিসহ (২৫) অজ্ঞাত আরো ৬ জনকে কামড় দেয় মৌমাছি। এতে কাফি গুরুত্বর আহত হয়ে দর্শনার একটি ক্লিনিকে ভর্তি হয়। এছাড়া অন্যরা বিভিন্ন চিকিৎসকের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
