ছবির ক্যাপশন:
জীবননগরে ৯৭ বোতল নেশাজাতীয় ‘এস্কার্ফ’ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১২-এর মেহেরপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি-৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজু আহমেদ (২৫) ও মনিরুজ্জামান ওরফে মনির (২৩)। তাঁদের বাড়ি ও অন্যান্য পরিচয় সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। র্যাব জানায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সিপিসি-৩, মেহেরপুরের একটি দল জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯৭ বোতল নেশাজাতীয় এস্কার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও দাবি করেছে সংস্থাটি। সিপিসি-৩, মেহেরপুর, র্যাব -১২ এর অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, এ ঘটনায় জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ), ৩৮ ও ৪১ ধারায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
