ছবির ক্যাপশন:
জীবননগরে জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক মো. আসলাম হোসেন, মো. আব্দুস সোবহান, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।
ব্যাংক কর্মকর্তারা বলেন, জাল টাকার নোট অবৈধভাবে বাজারে ছড়িয়ে পড়লে দেশের মূল্যস্ফীতি বেড়ে যায়। যার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বৃদ্ধি পাই। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে কাগজের মুদ্রার প্রতি আস্থা কমে যায়। এতে ব্যক্তি ও সমাজজীবনে বিরূপ প্রভাব ফেলে। দেশের আর্থিক ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেয়।
তারা আরও বলেন, তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জাল নোট তৈরি বা লেনদেনের সাথে জড়িত থাকলে অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা ধরনের শাস্তির বিধান রয়েছে। জীবননগর সোনালী ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় এ ওয়ার্কশপে ভিডিও প্রজেক্টরে আসল টাকা ও জাল টাকার নোট চেনার বিভিন্ন কৌশল দেখানো হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীমন্ডলীরা উপস্থিত ছিলেন।
