ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার সন্তান সাব্বির আহমেদ জাতীয় ক্রীড়াঙ্গনে চুয়াডাঙ্গা জেলার নাম আবারও উজ্জ্বল করেছেন। গত ১৬ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ঢাকার গুলিস্তানস্থ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী ‘৬৪ জেলার জাতীয় বক্সিং কোচেস কোর্স-২০২৬’-এ তিনি অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন। এর মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ের একজন সার্টিফাইড বক্সিং কোচ হিসেবে যোগ্যতা অর্জন করার গৌরব লাভ করেছেন। বর্তমানে সাব্বির আহমেদ ‘স্বয়ম্ভর ক্রীড়া কুঠির’-এর সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
কোর্সের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান এবং পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি ফাইজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সম্মানিত অতিথি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সাব্বির আহমেদের হাতে এই সনদ ও ক্রেস্ট তুলে দেন।
আলমডাঙ্গার সন্তান সাব্বির আহমেদের এই অর্জনে চুয়াডাঙ্গা জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের হাওয়া বইছে। জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও স্থানীয় সুধীজন তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। ক্রীড়ামোদিদের আশা, স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের সাধারণ সম্পাদক হিসেবে এবং একজন সার্টিফাইড কোচ হিসেবে সাব্বির আহমেদ ভবিষ্যতে চুয়াডাঙ্গা তথা দেশের তরুণদের মাঝে সঠিক বক্সিং প্রশিক্ষণ দিয়ে নতুন নতুন উদীয়মান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
