দামুড়হুদায় কোটি টাকা মূল্যের চুল ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন

২৩ বস্তা চুল উদ্ধার, চালক-ম্যানেজার গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
দামুড়হুদায় কোটি টাকা মূল্যের চুল ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন ছবির ক্যাপশন:

দামুড়হুদায় কাভার্ড ভ্যানের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকা মূল্যের প্রায় ৩৩০ কেজি চুল ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার বকুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৭) এবং কানাইডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে সানোয়ার হোসেন সাণ্টু (৩৯)।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ঢাকা থেকে ২৩ বস্তায় প্রায় ৩৩০ কেজি চুল কিনে প্রক্রিয়াজাতকরণের জন্য চুয়াডাঙ্গায় আনেন। পরে সমিতির নিজস্ব কাভার্ড ভ্যানে করে চুলগুলো দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার একটি প্রসেসিং কারখানায় নেওয়া হচ্ছিল। গত শনিবার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে কাভার্ড ভ্যানটি দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জন ব্যক্তি এর গতিরোধ করে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তারা চালক ও সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ড ভ্যানে থাকা ২৩ বস্তা চুল নিয়ে পালিয়ে যায়।


ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একাধিক দল তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে ছিনতাইয়ের ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও ম্যানেজারের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া ২৩ বস্তা চুল উদ্ধার করা হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। পুলিশের তৎপরতায় অপরাধীরা কোণঠাসা হয়ে চুলগুলো ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মিনি ট্রাকের চালক ও ম্যানেজারকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এদিকে, ঘটনার পরই বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা প্রশাসনের সহায়তা চান। বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে। দামুড়হুদা মডেল থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের একাধিক টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চালায়।


১ কোটি টাকার মূল্য এই চুলগুলো অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ২২ জন ক্ষুদ্র চুল ব্যবসায়ী। এমন ছিনতাইয়ের ঘটনার দ্রুত সুরাহা হওয়ায় জেলা পুলিশ ও দামুড়হুদা মডেল থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হেয়ার প্রসেসিং ব্যবসায়ীরা। আর এই ঘটনার পর চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় হেয়ার প্রসেসিং কারখানা ও পণ্য পরিবহনের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)