আকন্দবাড়িয়ায় মাদক নির্মূল কমিটির সদস্যদের ওপর হামলা

৭ জনের বিরুদ্ধে মামলা, দুজন আটক

আপলোড তারিখঃ 2026-08-24 ইং
আকন্দবাড়িয়ায় মাদক নির্মূল কমিটির সদস্যদের ওপর হামলা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে মাদক নির্মূল কমিটির সদস্যদের ওপর হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আকন্দবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করতে স্থানীয় যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে কয়েক মাস আগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। এরপর থেকে কমিটির সদস্যরা এলাকায় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকন্দবাড়িয়ার রাঙ্গিয়ারপোতা ফার্ম এলাকায় এনামুল হক ইমাম (৩৫) নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা বলে অভিযোগ রয়েছে।


পরে তাকে নিয়ে আকন্দবাড়িয়া বটতলা বাজার এলাকায় গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদক নির্মূল কমিটির সদস্যদের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। এতে মাদক নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক সায়েম তুষার, সদস্য লাল্টুসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দর্শনা-জীবননগর-দামুড়হুদা সার্কেল) শেখ মো. নুরুল্লাহ ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহত লাল্টুর বাবা মো. হান্নান বাদী হয়ে দর্শনা থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আহত লাল্টু বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ জানিয়েছে, ঘটনার দিনই এনামুল হক ইমামকে আটক করা হয়। এছাড়া রতনের ছেলে তানজিন (২১) নামে আরও একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আকন্দবাড়িয়া গ্রামে মাদক নির্মূল কমিটির সদস্যদের ওপর হামলার ঘটনায় আহত লাল্টুর বাবা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটকের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)